Logo
School Updates

প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস

মরিচা মাধ্যমিক বিদ্যালয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতখামার ইউনিয়নের মরিচা মৌজার একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি ১৯৯৪ ইং সালে প্রায় ২.৫০ একর জমির উপর স্থাপিত হয়ে অদ্যাবধি দেশের তথা এলাকার শিক্ষার পথ সুগম করেছে। বহু বাধা বিপত্তি উপেক্ষা করে মরিচা মাধ্যমিক বিদ্যালয়টি এলাকার সচেতন, সাহসী, উদার ও মহৎ ব্যক্তিগণের অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সাহায্য সহযোগিতায় বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করে আজ নব যৌবনে পদার্পণ করেছে।

শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে জ্ঞান ও নৈপুণ্য অর্জনের সহায়তা করা। এই জন্য পুঁথিগত শিক্ষাদানের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো প্রয়োজন। একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে হলে সামাজিক মূল্যবোধ, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের দিকে আগ্রহী করতে হবে। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের কান্ডারি, জাতির আশা-ভরসা।

কাজেই শিক্ষা প্রতিষ্ঠানকে সৃজনশীল কর্মকাণ্ড যেমন খেলাধুলা, সংগীত, সাহিত্য, বিতর্ক প্রতিযোগিতা, তথ্য ও প্রযুক্তি ইত্যাদির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে। সবুজ-সুন্দর প্রাকৃতিক পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী মরিচা মাধ্যমিক বিদ্যালয়

১৯৯৪ ইং সালে যারা বহু ত্যাগ স্বীকার করে এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বর্তমানে বিদ্যালয়টি নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্য, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, উদ্যোমী কর্মচারীগণসহ সকলের উদার মানসিকতা ও আন্তরিক প্রচেষ্টায় সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রী ভর্তি এবং পরীক্ষার ফলাফল সন্তোষজনক।